নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লায় একটি গার্মেন্টস কারখানায় বয়লার বিস্ফোরণ হয়ে ১ জন শ্রমিক নিহত ও ৩০ জন শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৯ টার দিকে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় নির্জন গার্মেন্টসে এ ঘটনা ঘটে। আহতদের প্রত্যেকে স্থানীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, হঠাৎ ব্রয়লার বিস্ফোরণ হয়ে বিকট শব্দ হয়। এ সময় কারখানার ভিতরে থাকা বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গার্মেন্টসের শ্রমিকদের অভিযোগ এ বয়লারটি পূর্বে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। বারবার কর্তৃপক্ষকে বলা শর্তেও তারা কোন ব্যবস্থা নেয়নি। গার্মেন্টস কর্তৃপক্ষের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে বয়লার বিস্ফোরণকে কেন্দ্র করে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। এতে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফতুল্লা থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে ফতুল্লা থানার (ওসি) মোঃ মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। শ্রমিকদের রাস্তা অবরোধ থেকে সরানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।