ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে পৌরসভার ফুটপাতে উচ্ছেদ অভিযান

পৌর কর্মচারী ও ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ৮ জন

author
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬ দুপুর ১:০৫
ad003
নীলফামারীর সৈয়দপুরে শহরে যানজট নিরসন ও পথচারীদের চলাচাল নির্বিঘœ করতে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সৈয়দপুর পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলার নির্দেশে পৌরসভার কর্মচারীরা ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানোর সময় পৌরসভার কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৭/৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় ব্যবসায়ীরা শহরের প্রধান সড়ক শহীদ ডা. জিকরুল হক সড়ক অবরোধ করলে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পরে রাতে পৌরসভা কর্তৃপক্ষ রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সূধীজনদের নিয়ে এক বৈঠকে বসলে ৭টি নিয়ম বেঁধে ফুটপাত দখলমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পৌরসভা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌরসভার পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মচারীরা অবৈধ স্থাপনা এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করতে গেলে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা বাঁধা দেন। এসময় উভয়পক্ষের মধ্যে তীব্র বাগ-বিতন্ডা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে লক্ষ্য করা যায়, স্থানীয় একজন প্রভাবশালী ব্যবসায়ী উচ্ছেদ অভিযানে বাঁধাকারীদের নেতৃত্ব দেন। এসময় ওই ব্যবসায়ীর পক্ষ থেকে সংবাদকর্মীদের জানানো হয়, কোনো পূর্ব নোটিশ ছাড়াই মালামাল ভাঙচুর করা হয় এবং তাদের তিনজন দোকানদারকে জোরপূর্বক পৌরসভা কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। ব্যবসায়ীদের আকস্মিক এ অবরোধের কারণে দীর্ঘ তিন ঘণ্টা ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে এতে যাত্রী, পথচারী ও দূরপাল্লার পরিবহন চালকদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় এবং শহরের চারপাশের লিংক রোডগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে পৌরসভার কর্মচারী আবু সায়িদ বলেন, পৌরসভার নির্দেশনা অনুযায়ী, ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হচ্ছিল। অভিযানের সময় কিছু ব্যবসায়ী বাঁধা দিলে পরিস্থিতির অবনতি ঘটে। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এরপরে রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সূধীজনদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এত শহরের যানজট নিরসনসহ ফুটপাত দখলমুক্ত করতে সাতটি বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT