প্রখ্যাত কবি ও প্রবীণ সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।
আজ শুক্রবার এক যৌথ শোকবার্তায় এডিটরস কাউন্সিলের আহ্বায়ক শফিক রেহমান ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, কবি আল মুজাহিদী একাধারে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র এবং সাংবাদিকতা জগতের এক দিকপাল ছিলেন। ষাটের দশকের অন্যতম প্রধান এই কবি তার ক্ষুরধার লেখনী ও অনন্য কাব্যশৈলী দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। একুশে পদক পাওয়া এই সাংবাদিক তার দীর্ঘ কর্মজীবনে সাহসী ভূমিকার জন্য নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।
সাহিত্যের পাশাপাশি মুক্ত গণমাধ্যম ও সাহসী সাংবাদিকতার বিকাশে কবি আল মুজাহিদীর অবদান স্মরণীয় হয়ে থাকবে । তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।
এডিটরস কাউন্সিল মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছে যেন তিনি শোকাহত পরিবারকে এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দান করেন।