সবার হাতের ভ্রমণকাহিনি বোধহয় ভ্রমণসাহিত্যের মর্যাদায় অভিষিক্ত হয়ে ওঠে না। সেই বিবেচনায় বাংলা ভাষায় ভ্রমণসাহিত্যের শাখাটিকে যথেষ্ট সম্মৃদ্ধ বলার সুযোগ নেই বললেই চলে। এ ক্ষেত্রেও আমাদের সেই রবীন্দ্রনাথই পথিকৃৎ। ভ্রমণকাহিনি আমরা পেয়েছি আরো অনেকের হাতেই, স্থানের বর্ণনা, প্রকৃতি কিংবা দর্শনীয় স্থাপনার বিবরণেই তার অধিকাংশ পরিপূর্ণ। স্থানীয় মানুষের চেহারা কিংবা পোশাক পরিচ্ছদের বর্ণনা থাকলেও তাদের সামাজিক সাংস্কৃতিক জীবনাচার, সে দেশের ঐতিহাসিক রাজনৈতিক পরিপ্রেক্ষিত অনেকটা উপেক্ষিতই থেকে যায়। মানুষের জীবনানুভূতির মূল স্পন্দন ধরতে না পারলে সেটা আর সাহিত্য পদবাচ্য হবার অধিকার পাবে কোথায়! ব্যাপারটা নির্ভর করে ভ্রামণিক মানুষটির ব্যক্তিমানস এবং নিজস্ব দৃষ্টিভঙ্গির ওপরে।
এতসব গৌরচন্দ্রিকার অবতারণা করছি সম্প্রতি অসামান্য এক ভ্রমণসাহিত্য পাঠের অভিজ্ঞতা হলো সেই কথাটি জানাবার জন্য। বইটির নাম ‘মালদ্বীপের মোহন মায়ায়’। লেখক আবদুল্লাহ আল মোহন। প্রকাশনা ডটকম থেকে বইটি প্রকাশিত হয়েছে এ বছরেই ফেব্রুয়ারিতে। আবদুল্লাহ আল মোহন রাজনীতিবিজ্ঞানের মেধাবী ছাত্র এবং ছাত্রপ্রিয় কৃতী শিক্ষকও। শুধু রাজনীতিমনস্কই নন, প্রবলভাবে সমাজমনস্ক এবং ঐতিহ্যঅনুসন্ধিৎসু মানুষ। সম্প্রতি তিনি সস্ত্রীক (মনোবিজ্ঞানের সহযোগী অধ্যাপক রাশনা রশীদ শান্তা) ভ্রমণ করেন ভারতমহাসাগরের নীল জলরাশির বৈভবময় দ্বীপদেশ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপ। চিত্তাকর্ষক নীলসবুজে ঘেরা দ্বীপমালার এই স্বর্গরাজ্যের ভ্রমণাভিজ্ঞতা নিয়ে যথার্থই এক মোহময় ভ্রমণসাহিত্য রচনা করেছেন শিক্ষক, গবেষক ও ভ্রামণিক আবদুল্লাহ আল মোহন।
একজন পর্যবেক্ষকের অনুসন্ধানী চোখে দেখা-শোনা-জানার মোহনীয় অনুভবে সরস এই ভ্রমণগদ্যটি যে কোনো ভ্রমণপিপাসুকে পর্যটনে সবিশেষ উৎসাহিত এবং সহযোগিতা করবে বলেই আমার বিশ্বাস। আকর্ষণীয় বর্ণনা, গভীর অন্তর্দৃষ্টির সাথে ইতিহাস ও রাজনীতির মিশেল এবং লেখকের ব্যক্তিগত অনুভূতি ও শিল্পরসবোধের নির্যাসমথিত এই অসামান্য গ্রন্থটি একদিকে যেমন ভ্রমণপিপাসু পাঠকের তৃষ্ণা মেটাবে, অন্যদিকে তেমনি আমাদের ভ্রমণসাহিত্যের ক্ষীণতনু ভাণ্ডারকে সামান্য হলেও সম্মৃদ্ধ করবে। তবে হ্যাঁ, যারা কেবল ট্যুরিস্ট গাইড পড়তে চান তাদের জন্যে এ বই যথেষ্ট এবং যথার্থ মনে না-ও হতে পারে, এ বইটি ভ্রমণকাহিনি পাঠের যে আনন্দ তারও অধিক--- সাহিত্য পাঠের নান্দনিক অনুভব দেবে পাঠককে এ কথা নির্দ্বিধায় বলা যায়। জয়তু আবদুল্লাহ আল মোহন।
রফিকুর রশীদ
কথাশিল্পী, শিক্ষক