সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন)সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, আগামী দিনে ছাতক পৌর শহর, গোবিন্দগঞ্জ বাজার, জাউয়াবাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী র্যালি ও গণসচেতনতামূলক প্রচারণা চালানো হবে। এর সূচনা হবে ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান ও আতাউর রহমান এমরান, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা. আফসার উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর জসিমউদ্দিন সুমেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর আতাউর রহমান সজিব, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, দুলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংবাদিক সাকির আমিন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য কয়েছ আহমদ, বিট অফিসার এসআই আব্দুল জলিল ও এসআই আব্দুর রহিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন এবং গীতাপাঠ করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার ফজলুল করিম বকুল, উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রহিছ উদ্দিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, জয়দেব চন্দ্র দেবনাথসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।