অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে প্রথমে রাজধানীর মহাখালী কাঁচাবাজারের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। পরে একটি মিছিল বের হয়ে তেজগাঁও সাতরাস্তায় গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কোন আপত্তিকর মন্তব্য করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ধর্মীয় ইস্যু ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, সংসদে হিজাব নিয়ে বিএনপি দলীয় কোন সংসদ সদস্য আপত্তিকর মন্তব্য করেননি। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা ছড়ানো হচ্ছে। তিনি জামায়াতকে অনৈতিক ও শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক সুবিধা আদায় করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি বলেন, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের যুবদল ছাড় দিবেনা। বাংলাদেশের আশা ভরসার বিমূর্ত প্রতীক তারেক রহমানের নেতৃত্বে যুবদল সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে ছিল আছে থাকবে, ইনশাআল্লাহ্।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এবং সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি এবং প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল সহ কেন্দ্রীয় যুবদল ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান এবং গণতান্ত্রিক ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।