ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ভোর ৪:২৫
ad003
আইভরি কোস্টের বিপক্ষে কষ্টার্জিত জয়ে একযুগ পর বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

শনিবার (২০ জুন) দিবাগত রাতে টরন্টোয় আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতে জার্মানি।

এদিন ম্যাচের ৩০ মিনিটেই ১-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান শিবির। ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় আইভরি কোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেয়া শটে গোল করেন কেসি।

পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া জার্মানি দুর্দান্ত কামব্যাক করে জয় ছিনিয়ে আনে। বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ চালিয়ে যায় নাগেলসম্যানের শিষ্যরা। ম্যাচের ফল নিজেদের করে নিতে একসঙ্গে তিনজন বদলি খেলোয়াড়কে মাঠে নামান জার্মান বস।

তবে দ্রুতই ফল পান তিনি। ম্যাচের ৬৮ মিনিটে ডেনিজ উনদাভের গোলে সমতায় ফেরে জার্মানরা। নাদিম আমিরির পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। তারা দুজনেই বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন। শেষ মুহূর্তে যোগ করা সময়ে জয়সূচক গোলটিও করেন উনদাভ। 

২০১৪ সালের বিশ্বকাপ জেতার পর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি জার্মানি। তবে এবার সেই ফাঁড়া কাটাতে সক্ষম হয়েছে তারা।

পাশাপাশি ২০০৬ সালের পর বিশ্বকাপে টানা দুটি ম্যাচ না জেতার যে ইতিহাস তৈরি হয়েছিল আইভরি কোস্টকে হারিয়ে সেই ইতিহাসও বদলালো জার্মান শিবির।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT