মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের অভিযানে মাদকের চলমান কার্যক্রমের অংশ হিসেবে একটি অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার ০৪ নং ওয়ার্ড, পানবাজারস্থ টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পার্শ্বে হাজী আব্দুল করিম মার্কেটের এস এস মোবাইল মিডিয়া ও ডিজিটাল স্টুডিও নামীয় ১৩-২ নং দোকানের পিছনের অংশে অভিযান পরিচালনা করে।
এ সময় দোকানের পিছনের অংশটি দোকান মালিক সেবক পালের নিকট হতে উপ-ভাড়া নিয়ে আমির হামজা প্রকাশ মিলন (৩২) দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদকদ্রব্য বিয়ার সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিল।অভিযানকালে দোকানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তল্লাশি পরিচালনা করা হয়। তল্লাশিকালে দোকানের মেঝেতে রক্ষিত ২০ টি কাগজের তৈরি বাক্সের ভিতর হতে বিয়ারগুলো উদ্ধার করা হয়।
ঘটনায় জড়িত পলাতক আসামী আমির হামজা প্রকাশ মিলন (৩২) ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম ঘটনার ও তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ সহ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের অবৈধ উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিক্রয়ের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।