গাজীপুর জেলায় শিশুর প্রতি বানিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে কার্যক্রম শুরু করা হয়েছে।
আজ রোববার (২১ জুন) গাজীপুর ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইএজএম), বাংলাদেশ রবিবার গাজীপুর জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের ভাওয়াল মিলনায়তনে আয়োজিত প্রকল্প অবহিতকরণ সভার মাধ্যমে জেলায় আনুষ্ঠানিকভাবে শিশুর প্রতি বানিজ্যিক যৌন শোষণ প্রতিরোধ কার্যক্রম শুরু করে।
গাজীপুর জেলায় আইজেএম বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ সভায় সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া। প্রকল্প অবহিতকরণ সভায় আরো উপস্থিত ছিলেন- মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ); ও মোঃ তাশরীফুল ইসলাম, সহকারী কমিশনার (ট্রেজারি শাখা ও এনজিও বিষয়ক। জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া গাজীপুরের জেলা প্রশাসক আইজেএম বাংলাদেশ এর কার্যক্রমের খোঁজ খবর নেন। শিশুর প্রতি বানিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে আইজেএম এর জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন গাজীপুর জেলা প্রশাসক।
আইজেএম বাংলাদেশের ঢাকা বিভাগের পরিচালক নির্মল সরকার প্রকল্প অবহিতকরণ সভায় প্রতিষ্ঠানের কার্যক্রম, লক্ষ্য-উদ্দেশ্য এবং গাজীপুর জেলায় পরিকল্পিত কর্মসূচি সম্পর্কে উপস্থাপন করেন। সভায় উপস্থিত ছিলেন আইজেএম বাংলাদেশের ব্র্যান্ডিং এন্ড কমিউনিকেশনস এর সিনিয়র অফিসার রতন মালো।
ঢাকা বিভাগের পরিচালক নির্মল সরকার জানান, আইএজএম বাংলাদেশের কর্মকাণ্ডের মৌলিক জায়গা হলো শিশুর প্রতি বানিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে দেশের বিচার ব্যবস্থা শক্তিশালী করা; অপরাধীদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারিগরি সহায়তা প্রদান; ভুক্তভোগীদের উদ্ধার ও পুনর্বাসনে সহযোগিতা; ও শিশু সুরক্ষার চাহিদা বৃদ্ধি করা। তিনি আরো বলেন, বাংলাদেশে শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে আইজেএম বাংলাদেশ সর্বপ্রথম সাড়াদানকারী এবং নীতি-নির্ধারকদের সহায়তা করছে, এটি প্রতিরোধে প্রণীত আইন ও নীতিমালা কার্যকরভাবে বাস্তবায়িত হয়। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে শিশুর প্রতি বানিজ্যিক যৌন শোষণ ৫০ শতাংশ কমিয়ে এনে ৬০ লাখ শিশুর সুরক্ষা নিশ্চিতে কাজ করছে আন্তর্জাতিক সংস্থাটি। ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের আওতাধীন ১১ টি জেলায় কার্যক্রম শুরু করে।
প্রাথমিকভাবে ঢাকা বিভাগের পাঁচটি জেলায়- ঢাকা, গাজীপুর, ফরিদপুর, রাজবাড়ী ও টাঙ্গাইল জেলায় কার্যক্রম শুরু করেছে। ঢাকা বিভাগের পরিচালক নির্মল সরকার জানান, সাম্প্রতিক ঢাকা বিভাগের ৫টি জেলার ঝুঁকিপূর্ণ এলাকায় ২০টি স্থানে আইজেএম বাংলাদেশ শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে সচেতনতামূলক পথনাটক প্রদর্শন কর্মসূচি বাস্তবায়ন করে। এই কার্যক্রমের আওতায় গাজীপুর জেলার ৪টি স্থানে পথনাটক প্রদর্শন করে জনগণকে শিশুর প্রতি বানিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে সচেতন করে প্রতিষ্ঠানটি। আইজেএম বাংলাদেশ গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ টি ওয়ার্ডে (৪৩ থেকে ৫৭ নং ওয়ার্ড) কার্যক্রম পরিচালনা করছে।
প্রতিষ্ঠানটি বাংলাদেশে শিশুর প্রতি বানিজ্যিক যৌন শোষণে ভুক্তভোগীদের সুরক্ষায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কারিগরি সহায়তা, ভুক্তভোগী শিশুদের আইনি সেবা, উদ্ধার পরবর্তী সেবা প্রদান করছে। তাছাড়া বাংলাদেশ পুলিশ, পাবলিক প্রসিকিউটর, বিচারকগণ, সমাজসেবাকর্মী ও উদ্ধার-পরবর্তী সেবা প্রদানকারী ব্যক্তিবর্গ, শিশু কল্যাণ ও মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ভুক্তভোগী শিশুদের উন্নতমানের সেবা প্রদানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রের অবকাঠামো উন্নয়নসহ শিশুর প্রতি বানিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে ব্যাপকহারে জন সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমও পরিচালনা করছে।
এসব কর্মকাণ্ডের পাশাপাশি নীতিমালা ও গণমাধ্যমে অ্যাডভোকেসি কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন কর্মশালা, গোলটেবিল বৈঠক ও সার্ভাইভারদের নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করছে প্রতিষ্ঠানটি।