মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জিরা লুটের ঘটনায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থা (জাসাস) শ্রীমঙ্গল পৌর শাখার সদস্য সচিব জাহেদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, সিলেট জেলার জৈন্তাপুর এলাকার ব্যবসায়ী আফজালুর রহমানের ১৬০ বস্তা জিরা বহনকারী একটি কাভার্ডভ্যান গত ১৬ জুন বিকেলে শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় পৌঁছায়। এ সময় অভিযুক্ত জাহেদ আলী ও তার সহযোগীরা গাড়ির চালক ও হেলপারকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে গাড়িটির নিয়ন্ত্রণ নেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে শহরতলীর উত্তরসুর এলাকায় চালক ও হেলপারকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে দিয়ে প্রায় ৪ হাজার ৮০০ কেজি জিরা, নগদ ২০ হাজার টাকা এবং দুটি স্মার্টফোনসহ গাড়িটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী আফজালুর রহমান জানান, ঘটনার পর বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য-প্রমাণ সংগ্রহ করে শনিবার রাতে তিনি শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর শনিবার রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলু পালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের শাহীবাগ এলাকা থেকে প্রধান অভিযুক্ত জাহেদ আলীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জাহেদ শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর পুত্র ও শ্রীমঙ্গল পৌর জাসাসের সদস্য সচিব।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রোববার বিকেলে আদালতে সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।