কুমিল্লার মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) চান্দিনা উপজেলায় এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ।
আধুনিক ও লাভজনক মৎস্যচাষে উদ্বুদ্ধ করতে আয়োজিত এ কর্মশালায় চান্দিনা উপজেলার প্রায় ৫০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশ নেন। প্রশিক্ষণে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ, উৎপাদন বৃদ্ধি এবং খামার ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় পুকুর প্রস্তুতকরণ ও পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের সঠিক ব্যবহার, তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের সাধারণ রোগ প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন কৃষিবিদ গিয়াস উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের অফিসার (সেলস) মো. সোহেল রানা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক জিয়া উদ্দিন আহমেদ।
তাত্ত্বিক আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারী চাষীদের জন্য হাতে-কলমে শেখার ব্যবস্থাও রাখা হয়। উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তাঁরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন সমস্যার সমাধান এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া খামারিরা জানান, আধুনিক মাছ চাষের নানা কৌশল ও প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন। আয়োজকদের মতে, মাঠপর্যায়ে এ ধরনের জ্ঞানভিত্তিক উদ্যোগ সম্প্রসারিত হলে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি মাছের উৎপাদন ও খামারিদের আয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।