ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাবুল মিয়া হত্যা: পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২২ জুন, ২০২৬ সকাল ১০:৫৮
ad003
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর বাবুল মিয়া হত্যা মামলার অন্যতম পলাতক আসামি হাবিবুর রহমান ভান্ডারী (৫০)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

আজ সোমবার (২২ জুন) দুপুরে র‌্যাব-১৪ ময়মনসিংহের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১৭ মে সকালে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়ার ছেলে সিরাজুল ইসলাম স্থানীয় একটি মাঠে ধান কাটতে গেলে পূর্বের পাওনা টাকা নিয়ে অভিযুক্তদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে অভিযুক্তরা ধান কাটার কাচি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় ছেলের আর্তচিৎকার শুনে বাবুল মিয়া এগিয়ে এসে তাকে রক্ষার চেষ্টা করলে হামলাকারীরা তার ওপরও নির্মমভাবে আক্রমণ চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে নিজাম উদ্দিন বাদী হয়ে কলমাকান্দা থানায় পেনাল কোডের ৩২৩/৩২৪/৩০২/৩০৭/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং-২০, তারিখ ১৮ মে ২০২৬।

হত্যাকাণ্ডের পর থেকেই মামলার আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে র‌্যাব-১৪ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং আসামিদের অবস্থান শনাক্তে অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত ২১ জুন দুপুরে র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল র‌্যাব-১-এর সহযোগিতায় রাজধানীর ডিএমপির দক্ষিণখান থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার অন্যতম পলাতক আসামি হাবিবুর রহমান ভান্ডারীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT