ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য উন্মুক্ত সাদাপাথর

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২২ জুন, ২০২৬ দুপুর ২:২৫
ad003
অব্যাহত বৃষ্টি ও উজানে ভারতের পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করায় সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে ভ্রমণে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২২ জুন) পর্যটনকেন্দ্রটি পুনরায় চালুর ঘোষণা দেয় উপজেলা প্রশাসন।

তবে নদীতে এখনো স্রোত বেশি থাকায় ভ্রমণকালে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢলের পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের ভ্রমণের জন্য জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। প্রবল স্রোতের কারণে সেখানে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।

পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাদাপাথর পর্যটনকেন্দ্রে ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। একদিন পর পরিস্থিতির উন্নতি হওয়ায় কেন্দ্রটি আবারও খুলে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদীতে এখনো স্রোত রয়েছে। তাই পর্যটকবাহী নৌকা চলাচল এবং ভ্রমণকালে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করা, লাইফ জ্যাকেট ব্যবহার এবং নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT