জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে আশরাফুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের উত্তর প্রান্তে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলামের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শাহাপাড়া পূর্ব টেকরাভাষা এলাকায়। তিনি ওই এলাকার আবুল হোসেনের ছেলে। পেশায় তিনি রডমিস্ত্রি ছিলেন।
রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস (৭৩৩ আপ) আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের উত্তর দিকে এক নম্বর লাইনে এ ঘটনা ঘটে।
আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে একটি স্মার্টফোন ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। মানিব্যাগে এক হাজার ৭৫০ টাকা, একটি মোবাইল ফোনের সিম এবং জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি পাওয়া যায়।
নিহতের সহকর্মী জাকির হোসেন বলেন, আশরাফুলের সঙ্গে তিনি রাজশাহীতে রডের কাজ করতেন। আশরাফুল বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছিলেন। পরে স্টেশন মাস্টার তাঁর মুঠোফোন থেকে যোগাযোগ করে মৃত্যুর খবর জানান। কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি জাকির।
স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, নিহতের পকেটে থাকা কাগজপত্র ও মুঠোফোনের সূত্র ধরে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়েছে। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে (জিআরপি) জানানো হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।