বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি প্রোগ্রামের প্রমোশনাল কার্যক্রমের অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলার নাভারণে শিক্ষক, শিক্ষাবিদ ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় নাভারণ কলেজের হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও স্থানীয় সুধীজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাভারণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ সোহেল আহামেদ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কর্মজীবী, ঝরে পড়া শিক্ষার্থী এবং বিভিন্ন কারণে নিয়মিত শিক্ষায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীদের জন্য বাউবির এইচএসসি প্রোগ্রাম একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ সোহেল আহামেদ বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। তিনি শিক্ষার প্রসার ও মানবসম্পদ উন্নয়নে বাউবির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং সকলকে এইচএসসি প্রোগ্রামে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বাউবির শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত ও জনপ্রিয় করতে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন। সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত শিক্ষক ও সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে শিক্ষা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।