নীলফামারীর সৈয়দপুর উপজেলার পার্শ্ববর্তী রংপুরের তারাগঞ্জ উপজেলায় আলোচিত শিশু সানজিদা (৯) হত্যা মামলার ঘটনায় মুজাহিদ ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক যুবকের পিতার নাম সেকেন্দার আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানি পাড়া এলাকার নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, সানজিদা হত্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মুজাহিদ ইসলামকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
উল্লেখ্য, রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানি পাড়া গ্রামের ৯ বছর বয়সী সানজিদার মরদেহ নিখোঁজ হওয়ার একদিন পর ৯ এলাকার একটি পাটক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।