নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কারকে অগ্রাধিকার দিয়ে দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকা ২৩ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরবাসীর ওপর নতুন কোনো কর আরোপ করা হয়নি।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে আয়োজিত উন্মুক্ত সুধী সমাবেশে বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।
ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৬ কোটি ৫৮ লাখ ২১ হাজার ২০২ টাকা ৫১ পয়সা এবং উন্নয়ন আয় ধরা হয়েছে ২৬ কোটি ৫১ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকা ৭২ পয়সা। ফলে মোট আয় দাঁড়িয়েছে ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকা ২৩ পয়সা।
ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৫৫ লাখ টাকা। এতে রাজস্ব খাতে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ২০২ টাকা ৫১ পয়সা এবং উন্নয়ন খাতে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকা ৭২ পয়সা।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রাস্তা নির্মাণ ও সংস্কার, সেতু, কালভার্ট ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও মশক নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়ন, সড়কবাতি স্থাপন এবং হাট-বাজারের আধুনিকায়ন অন্যতম। পৌরবাসীর ওপর নতুন কোনো কর আরোপ না করেই এবারের জনকল্যাণমুখী বাজেট ঘোষণা করা হয়েছে।’
অনুষ্ঠান শেষে পৌর প্রশাসক স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নাগরিক ভোগান্তির বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, ‘নাগরিক সেবা সহজ ও গতিশীল করতে পৌরসভার কার্যক্রম ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হয়েছে। ফলে এখন পৌরসভার ওয়েবসাইটের মাধ্যমেই দ্রুত সনদপত্রসহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে।’
অনুষ্ঠানে পৌর সহকারী প্রকৌশলী এইচ.এম.কামরুজ্জামান, হিসাবরক্ষক মো. শাহাদাত হোসেন, কার্যসহকারী আব্দুল আহাদসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।