নেত্রকোণার বারহাট্টা উপজেলার নৈহাটী পশুর হাটে শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা আদায় ও নানা অনিয়মের অভিযোগে উপজেলা বিএনপির এক নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বারহাট্টা উপজেলা বিএনপি এ পদক্ষেপ গ্রহণ করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে নৈহাটী পশুর হাটে যাতায়াতকারী বিভিন্ন যানবাহন থেকে শ্রমিক ইউনিয়নের নামে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে। বিষয়টি বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় শোকজ নোটিশ পেয়েছেন বারহাট্টা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নেত্রকোণা জেলা ওলামা দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মো. জসিম উদ্দিন তালুকদার। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন।
জসিম উদ্দিন তালুকদার বারহাট্টা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস দলিল লেখক সমিতির সভাপতি। তিনি সাবেক ইউনিয়ন বিএনপি নেতা মরহুম মো. বাদশা মিয়া তালুকদারের ছেলে। এছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল খায়ের তালুকদারের বড় ভাই।
মঙ্গলবার (২৩ জুন) বারহাট্টা উপজেলা বিএনপির প্যাডে জারি করা নোটিশে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোটিশে বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাক আহম্মদ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ (কমল) স্বাক্ষর করেছেন। একইসঙ্গে নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা সদর-বারহাট্টা আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম হিলালীর কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ কমল বলেন, “নৈহাটী পশুর হাটকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়নের নামে অর্থ আদায়ের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যেহেতু জসিম উদ্দিন তালুকদার ওই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, তাই তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সাংগঠনিক ব্যাখ্যা জানতে ৪৮ ঘণ্টার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”
এদিকে শোকজ নোটিশকে কেন্দ্র করে বারহাট্টার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগের বিষয়ে জসিম উদ্দিন তালুকদারের লিখিত জবাব এবং পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।