ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ায় অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ সকাল ১১:৫০
ad003
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দেশের সর্বদক্ষিণ সীমান্তে বিশেষ করে বাংলাদেশ-মায়ানমার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি ব্যাটালিয়নটি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনসহ আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে চলেছে, যা স্থানীয় জনগণের আস্থা ও স্বীকৃতি অর্জন করেছে।

তারই ধারাবাহিকতায় আজ ২৪ জুন ২০২৬ ইংরেজি সকাল ১০.০০ টা থেকে ১.৩০ টা পর্যন্ত টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া ২নং ওয়ার্ডের আওতাধীন শিল্পকলা একাডেমীতে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে আর্থিক সহযোগিতা করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন। বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক সহযোগিতায় ছিলেন জান্নাত-মান্নাত যুব উন্নয়ন সেবা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

ক্যাম্পটি টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসির সার্বিক দিক নির্দেশনায় আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী, জান্নাত-মান্নাত যুব উন্নয়ন সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিজয় টিভি, যায়যায়দিন এর টেকনাফ প্রতিনিধি সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, জান্নাত-মান্নাত যুব উন্নয়ন সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নারী নেত্রী কুলসুমা বেগম।

এ সময় মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মেজর মোঃ ফয়জুল হক, এএমসি এসএমও, সেক্টর সদর দপ্তর, রামু এবং মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ, এএমসি, মেডিকেল অফিসার, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

এতে সর্বমোট ৪১১ জন (পুরুষ-১০৩ জন, মহিলা-২২৩ জন এবং শিশু-৮৫ জন) স্থানীয় বাসিন্দা চিকিৎসা গ্রহণ করেন এবং সকলের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠী, দিনমজুর ও হতদরিদ্র পরিবারের অনেকেই আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেননা বলে উল্লেখ করেন। তারা জানান, “আমরা দিনে এনে দিনে খাই, অসুস্থ হলে চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই। বিজিবির এই ফ্রি চিকিৎসা ক্যাম্প আমাদের জন্য বড় সহায়তা হয়েছে।

আরেকজন সেবাপ্রার্থী বলেন, “গরীব মানুষের জন্য এ ধরনের চিকিৎসা সেবা ও ওষুধ সহায়তা খুবই প্রয়োজনীয়। বিজিবি আমাদের পাশে দাঁড়িয়েছে এজন্য আমরা চিরকৃতজ্ঞ।

জান্নাত-মান্নাত যুব উন্নয়ন সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুদ্দীন মোহাম্মদ মামুন বলেন, আমার অনুরোধের প্রেক্ষিতে ও জান্নাত-মান্নাত যুব উন্নয়ন সেবা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতার মাধ্যমে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া ২নং ওয়ার্ডে প্রথমবারের মত অসহায় মানুষের জন্য বিনামূল্যে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতে আশেপাশের এলাকার লোকজনও  মানসম্মত ও উপযোগী চিকিৎসা সেবা পেয়েছে। পরিশেষে বিজিবির এ মহৎ উদ্যোগের জন্য আমরা টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আশা করছি আগামীতেও এ ধারা চলমান রাখবে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, ঋতু পরিবর্তনের কারণে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে রোগবালাই দেখা দেয়। বিশেষ করে নারী ও শিশুর চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানীয় জনগণের মতামতের ওপর ভিত্তি করে আমরা একদিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছি। তিনি আরও বলেন বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্ত সুরক্ষাই করে না, জনগণের প্রয়োজনে মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রেও প্রতিশ্রুতিবদ্ধ। টেকনাফ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় জনগণ বিজিবির এই মানবিক কার্যক্রমকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য টেকনাফ ব্যাটালিয়নকে অনুরোধ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। বিজিবি বিশ্বাস করে এ ধরনের কার্যক্রম সীমান্ত এলাকার মানুষ ও সীমান্ত রক্ষাকারীদের মধ্যে আস্থা, বিশ্বাস ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT