কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান মতি সংবাদ সম্মেলনে করে আওয়ামী লীগের দলীয় পদ ও প্রাথমিক সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার (২৪ জুন) বিকেল কটিয়াদী মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা মতিউর রহমান মতি আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্পূর্ণ ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের কল্যাণে কাজ করাই এখন তার প্রধান লক্ষ্য।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। তাই দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং স্বেচ্ছায় গ্রহণ করা হয়েছে। আচমিতা ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।