কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভুয়া ডিজিএফআই (DGFI) সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে হাছিনা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক হাছিনা আক্তার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, ওই নারী দীর্ঘদিন ধরে নিজেকে পেকুয়ায় কর্মরত ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছিলেন। পাশাপাশি একটি চক্র তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্র করছে বলেও বিভিন্ন সময় তথ্য দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
তিনি আরও জানান, মঙ্গলবারও একইভাবে যোগাযোগ করে বিভিন্ন বিষয় নিয়ে চাপ সৃষ্টি ও প্রভাব খাটানোর চেষ্টা করলে তার সন্দেহ হয়। পরে বিষয়টি পেকুয়া থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে ওই নারীকে আটক করে।
আটকের পর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে হাছিনা আক্তার বলেন, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি চরম আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন। বাধ্য হয়ে চট্টগ্রাম থেকে পেকুয়ায় এসেছেন। তিনি ডিজিএফআই পরিচয় ব্যবহার করার কথা স্বীকার করলেও দাবি করেন, এ পরিচয় দিয়ে তিনি কারও কোনো ক্ষতি করেননি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটক নারীকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।