গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কীটনাশক পান করে মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মনোয়ারা বেগম উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের মতিন মিয়ার স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ বাড়িতে কীটনাশক পান করেন মনোয়ারা বেগম। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, “কীটনাশক পান করে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"