নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৫ কোটি ৭২ লাখ ৩৮ হাজার ৩৯৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, পৌরবাসীর প্রত্যাশা ও প্রয়োজন বিবেচনায় একটি বাস্তবসম্মত, জনকল্যাণমুখী ও উন্নয়নবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার পরিধি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং পৌর এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
বাজেট উপস্থাপনকালে বিভিন্ন উন্নয়ন খাতে সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। বিশেষ করে সড়ক, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন কার্যক্রম, পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য বরাদ্দের বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সাইফুল আমিন, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
বাজেট ঘোষণা শেষে ইউএনও আমেনা খাতুন বলেন, “মোহনগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেটের প্রতিটি খাত বাস্তবায়ন করা হবে। নাগরিক সেবার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে বক্তারা পৌরসভার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকল মহলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পৌরবাসীর প্রত্যাশা পূরণে জনসেবামুখী কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।