ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

author
আনোয়ারা( চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ সকাল ৬:০৪
ad003
আনোয়ারা  উপজেলার  চেনামতি গ্রামে  সংঘটিত চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার, গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার এবং দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে  পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ২৪ জুন রাতে এক বিজ্ঞপ্তিতে   এ তথ্য জানানো হয়। 

 সূত্রে প্রকাশ গত ১৩ জুন  রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি গ্রামে ছুরিকাঘাতে  এনি বড়ুয়া ও প্রিয়ন্তী বড়ুয়া নিহত হন। এ সময়  অর্ক বড়ুয়া গুরুতর আহত হয়। ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পাওয়ার পরপরই আনোয়ারা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে।

তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে ঘটনার একমাত্র আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজপ্রিয় বড়ুয়াকে পটিয়া রেলস্টেশন এলাকা থেকে  ২৪ ঘন্টার মধ্যে  গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এছাড়া নিহত এনি বড়ুয়ার মৃত্যুকালীন জবানবন্দি সম্বলিত গুরুত্বপূর্ণ ভিডিও তদন্তে অন্তর্ভুক্ত করা হয়।

তদন্তকালে ৪ জন পুলিশ সদস্যসহ মোট ২২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পোস্টমর্টেম রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, আলামত, সাক্ষ্যপ্রমাণ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ সকল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মামলার তদন্ত সম্পন্ন করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের  দক্ষ ও নিরলস তদন্ত কার্যক্রমের ফলে মামলা রুজুর মাত্র ১০ দিনের মধ্যে একমাত্র আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজপ্রিয় বড়ুয়ার বিরুদ্ধে অভিযোগপত্র নং-১৪৭,  ২৪ জুন  ধারা ৩২৩/৩০৭/৩০২ ধারা ১৮৬০ দণ্ডবিধি  অনুযায়ী বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন চট্টগ্রাম জেলা পুলিশ অপরাধ দমনে বদ্ধপরিকর। আনোয়ারার নৃশংস মা মেয়ের খুনের ঘটনায়  দ্রুত অভিযোগ পত্র আদালতে   দাখিল  হয়েছে। আশা করছি ভুক্তভোগীরা আদালতের ন্যায়বিচার পাবেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT