সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নেত্রকোণার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মরত সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “তথ্যই শক্তি। সঠিক তথ্য সমাজকে এগিয়ে নেয়, আর বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে। তাই এ ধরনের তথ্যের ভয়াবহতা মোকাবিলায় পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল হতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিথ্যা তথ্য ও গুজব সমাজে অস্থিরতা সৃষ্টি করে। এ ধরনের অপপ্রচার প্রতিরোধে সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত সাংবাদিক ও অংশগ্রহণকারীদের উদ্দেশে জেলা প্রশাসক অপপ্রচার রোধে কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি তথ্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, ডিজিটাল যুগে তথ্যপ্রবাহের গতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও। তাই তথ্য যাচাই এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।