নরসিংদীতে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে পেয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের শহরের তরোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পেয়ারা বেগম রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মৃত কাশেম ভূইয়ার স্ত্রী।
রেলওয়ে পুলিশ ও স্বজনরা জানায়, সকাল ১১ টায় পেয়ারা বেগম শিবপুর উপজেলার কামারটেকে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়। পরে তিনি ১২ টার দিকে নরসিংদী শহরে তরোয়া এলাকায় নেমে রেললাইন পারাপার হচ্ছিলো। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি তরোয়া এলাকা অতিক্রম করছিলো। এসময় পেয়ারা বেগম অসতর্ক ভাবে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় পাশে ছিটকে গিয়ে পড়েন। এতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।
নিহতের ছেলে মোশাররফ ভূইয়া বলেন, আম্মা সকালে কামারটেকে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। তিনি তরোয়া এলাকায় নেমে রেললাইন পারাপার হয়ে ভেলানগর থেকে বাসে করে যেতে চেয়েছিলেন। পথিমধ্যে তিনি ট্রেনের ধাক্কায় মারা যায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।