ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার (চালক) শাহজাহান (৫৪) কে করা আটক হয়েছে । তবে সহকারী লোকোমাস্টার পালিয়ে গেছে।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৩ আপ কন্টেইনার ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ অভিযান চালায়।
র্যাব-৯-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী জানান, ট্রেনটির ইঞ্জিনে মাদক বহনের তথ্য পেয়ে স্টেশনে পৌঁছানোর পর তল্লাশি চালানো হয়। এ সময় লোকোমাস্টার প্রথমে তল্লাশিতে বাধা দেন এবং র্যাব সদস্যদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন। পরে অতিরিক্ত সদস্য এনে ইঞ্জিনে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে পৃথকভাবে মোড়ানো আটটি প্যাকেটে আনুমানিক ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একটি ফেনসিডিলের বোতলও জব্দ করা হয়েছে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান শেষে রাত ১২টা ৩৫ মিনিটে নতুন একজন লোকোমাস্টার নিয়োগ দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।
র্যাব জানিয়েছে, আটক লোকোমাস্টারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভিযানের সময় আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট মো. নুরুন্নবী, আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস এবং আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।