জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধানশিক্ষক মো. আজাদুর রহমানকে জুতাপেটা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
স্থানীয় বিএনপি নেতা হারুনুর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ এনে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন ওই প্রধানশিক্ষক।
আজ শুক্রবার সকাল ১০ টায় আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধানশিক্ষক মো. আজাদুর রহমান। এ সময় আজাদুর রহমানের বড় ভাই দারাজ উদ্দিন, মেজো ভাই দুলাল উদ্দিন, প্রতিবেশি গাজিউল ইসলাম ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে প্রধানশিক্ষক বলেন, গত ১৫ জুন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন উপলক্ষে অভিভাবকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দুইজন পুরুষ ও দুইজন মহিলা অভিভাবক সদস্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। নির্বাচন সম্পন্ন হওয়ার কয়েক দিন পর স্থানীয় বিএনপি নেতা হারুনুর রশিদ নির্বাচিত সদস্যদের তালিকা পরিবর্তন করে তাঁর পছন্দের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিতে থাকেন।
প্রধানশিক্ষকের অভিযোগ, গত ২১ জুন বিকেল আড়াইটার দিকে ওর্য়াড বিএনপির সভাপতি হারুনুর রশিদ কয়েকজন বিদ্যালয়ের অফিসকক্ষে প্রবেশ করেন। তারা নির্বাচনের কাগজপত্র দেখতে চান এবং সদস্যদের তালিকা পরিবর্তনের চেষ্টা করেন। এতে তিনি আপত্তি জানালে একপর্যায়ে হারুনুর রশিদ পায়ের জুতা খুলে তাঁর গালে আঘাত করেন। এ সময় তাঁকে হুমকি-ধমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে প্রধানশিক্ষক বলেন, আমি একজন শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
তিনি আরও জানান, ঘটনার পর চিকিৎসা গ্রহণের পাশাপাশি গত ২২ জুন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে। প্রধানশিক্ষক আজাদুর রহমান আরও অভিযোগ করেন, এঘটনার পর সহকারী শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেন উল্টো আমাকে বান্দরবান বদলির হুমকি দিয়েছেন। এতে আরও কষ্ট পেয়েছি। তবে সহকারী শিক্ষা কর্মকর্তা ইমরান এমন অভিযোগ অস্বীকার করেছেন।
বিএনপি নেতা হারুনুর রশিদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ম্যানেজিং কমিটি গঠন নিয়ে কিছু অভিভাবকের আপত্তি ছিল। বিষয়টি নিয়ে আলোচনা করতে বিদ্যালয়ে গিয়েছিলাম। প্রধানশিক্ষককে জুতাপেটা বা লাঞ্ছিত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ ধরনের অভিযোগ আনা হয়েছে।
আক্কেলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। আমাকে থানায় দেওয়া অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে। যেহেতু ভুক্তভোগী প্রধানশিক্ষক থানায় একটি অভিযোগ দিয়েছেন সেহেতু এখানে আমার করার কিছু নেই।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, আমাকে একটি অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে। তবে সেটি এখনো আমার দেখা হয়নি।