ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া'য় বিট পুলিশিং সভা: মাদক-জুয়া দমনে কঠোর বার্তা

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ ভোর ৪:৫৪
ad003
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৮ নম্বর সান্দিকোনা বিটে মাদক, জুয়া, অনলাইন জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম হিলালী।

এসভায় সভাপতিত্ব করেন, নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

এতে প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল ইসলাম হিলালী সমাজ থেকে মাদক, জুয়া, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। প্রতিটি ইউনিয়নে একজন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে বিট অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, "আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করব। চোরাচালান, মাদক, জুয়া ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।"

সভায় কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সচেতনতামূলক এ সভায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি, বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT