নানা আয়োজনে শুক্রবার নীলফামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে কর্মসুচির মধ্যে ছিলো মাদকবিরোধী বন্ধন, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সকাল এগারটার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
পরে একই কার্যালয় প্রাঙ্গনে মাদকবিরোধী বন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাদকবিরোধী বন্ধন শেষে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। স্কাউটার মারুফ খানের সঞ্চালনায় সভায় স্বাগতিক বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ।
অন্যান্যের মধ্যে সাংবাদিক নুর আলম, ইয়াসিন মোহাম্মদ সিথুন, অভিভাবক সেকেন্দার আলী বক্তব্য দেন।
অনুষ্ঠানে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা সদরের টুপামারী ইউনিয়নের হাজীপাড়া এলাকার মতিবুল ইসলাম মাদকের কুফল ও এর ভয়াবহতা উল্লেখ করে সকলকে মাদকের বিরুদ্ধে দাঁড়ানোর আহবান জানান। পরে দিবস ঘিরে অনুষ্ঠিত চিত্রাংকণ ও রচণা প্রতিযোগীতায় বিজয়ী ২১জনের মাঝে সনদ পত্র ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন জানান, চলতি বছরের জানুয়ারী থেকে ২৫জুন পর্যন্ত ৭১৮টি অভিযান পরিচালনা করা। এরমধ্যে ৩৩৯টি মামলা দায়ের করা হয় এবং ৩৪৫জনকে আসামী করা হয়েছে।
তিনি বলেন, ১৩হাজার ৯৩০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩৮ কেজি গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।