ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক প্রতিরোধে পুরস্কার পেলো ঢাকা আহ্ছানিয়া মিশন

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ দুপুর ৩:১২
ad003
মাদক প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা আহ্ছানিয়া মিশন দুইটি পুরস্কার পেয়েছে। 

আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কার প্রদান করেন।

ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের কমিউনিকেশন অফিসার তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এবং আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের (যশোর) ম্যানেজার মিজানুর রহমানের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিজ্ঞানভিত্তিক মাদক প্রতিরোধ কার্যক্রমে বিশেষ অবদানের জন্য আহ্ছানিয়া মিশনের যশোর কেন্দ্র এবং জাতীয় মাদকবিরোধী র‌্যালিতে বর্ণাঢ্য অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ঢাকা আহ্ছানিয়া মিশনকে এ পুরস্কারের জন্য মনোনীত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দিবস উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবসটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে তিন শতাধিক তরুণ-তরুণী ব্যানার-ফেস্টুনসহ র‌্যালিতে অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সভাপতিত্ব করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। 

উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন দেশে মাদক প্রতিরোধ, বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি গাজীপুর, মুন্সিগঞ্জ ও যশোরে পুরুষদের এবং ঢাকায় নারীদের জন্য মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করছে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT