নারায়ণগঞ্জের রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কালাদী শাহজউদ্দীন জামেয়া-ই-ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬। ‘ইলম, আদর্শ, স্মৃতি আর ঐক্যের মোহনায় ৪৮ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৭ জুন) দিনব্যাপী মাদ্রাসার খেলার মাঠে আয়োজন করা হয় এই মিলনমেলার।
কালাদী মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের এক হাজারেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। পুরোনো দিনের স্মৃতি রোমন্থনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিচারণ, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং বিশেষ দোয়া মাহফিল। অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার শিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকার প্রশংসা করেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপনীতে প্রাক্তন শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও পারস্পরিক বন্ধন অটুট রেখে কালাদী মাদ্রাসার শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।