ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি ছাগলকে পাইপ দিয়ে অতিরিক্ত পানি খাইয়ে মোটাতাজা করার চেষ্টার অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
গত বুধবার (২৪'জুন) সকালে উপজেলার রূপসদী বাজারে এ ঘটনা ঘটে৷ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ব্যবসায়ী চাঁন বাদশা। তিনি ওই উপজেলার কড়ইকান্দি গ্রামের মো. সাবুদ্দিনের ছেলে। এ ঘটনাকে অমানবিক উল্লেখ করে ছাগল মালিককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে রূপসদী বাজারে বিক্রির জন্য একটি ছাগল নিয়ে আসেন চাঁন বাদশা। এ সময় ছাগলের ওজন বাড়ানোর জন্য প্রতারণা করে পাইপ দিয়ে অমানবিকভাবে পানি খাওয়াতে থাকেন তিনি। এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে- চাঁন বাদশা তার দুই পায়ের মাঝখানে ছাগলটির মুখ চেপে ধরে আছেন। আরেকজন পাইপের মধ্যে পানি ঢালছেন।
এদিকে, ফেসবুকে ভিডিও ছড়ানোর পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত চাঁন বাদশা। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নজরে আসার পর। খোঁজ খবর নিয়ে ওই অসাধু ব্যবসায়ীর পরিচয় শনাক্ত করা হয়েছে।
এ ঘটনায় মোঃ সাদাত নামে একজনকে আটক করা হয়েছে। ছাগল মালিক চান বাদশার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি তাকে গ্রেপ্তারের অভিযান চলছে।