পটুয়াখালীর বাউফল উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিরোধী কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলে হামলার অভিযোগ উঠেছে। বিএনপির দাবি, হামলায় তাদের ছয়জন নেতাকর্মী ও একজন মোটরসাইকেল চালক আহত হয়েছেন এবং ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালাইয়া-দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাদের দাবি, কালাইয়া নাজিরপুর সংযোগ সেতু (ডালিমা ব্রিজ) এলাকা থেকে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশের নেতৃত্বে একটি মিছিল বের হয়। কালাইয়া বাজার প্রদক্ষিণ শেষে মিছিলটি বাউফলের দিকে যাওয়ার সময় দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মুখোশধারী ২০ থেকে ৩০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।
বিএনপি নেতাদের অভিযোগ, হামলায় উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার মাহমুদ, দাসপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আল মামুন, ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা মো. হোসাইন ইসলাম বাবুসহ মোট ছয়জন আহত হন। হামলাকারীরা প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে সড়কের পাশে ফেলে রেখে যায় বলেও অভিযোগ করা হয়।
বাউফল উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। তিনি হামলায় কয়েকজনের নামও উল্লেখ করেন।
তবে শিবির নেতা কমীরা বিএনপির উপর হামলা চালানোর বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান বলেন, আমাদের নেতা কর্মীদের উপর অপবাদ দেওয়া হচ্ছে। ওই ঘটনার সময় আমাদের নেতা কর্মীরা অফিসেই ছিলেন। তবে অভিযুক্ত ইমরান শিবিরের সদস্য কিনা আমার জানা নাই।
এদিকে আহতদের চিকিৎসক ডা. নাঈম শাকিল জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারও অভ্যন্তরীণ গুরুতর আঘাত পাওয়া যায়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।