ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে কালীগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে নতুন অর্থবছরের জন্য মোট ৫১ কোটি ৪৩ লাখ ৭ হাজার ২৯০ টাকা ৬৭ পয়সার বাজেট উপস্থাপন করা হয়। উপস্থাপিত বাজেটে কাজের খাতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার ৬৬৮ টাকা ৬৭ পয়সা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৮১ লাখ টাকা। ফলে মোট বাজেট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯ কোটি ৫৬ লাখ ৪৭ হাজার ৬৬৮ টাকা ৬৭ পয়সা। এছাড়া সমাপনী জের ও অন্যান্য হিসাব সমন্বয় করে সর্বমোট বাজেটের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫১ কোটি ৪৩ লাখ ৭ হাজার ২৯০ টাকা ৬৭ পয়সা।
বাজেট অধিবেশনে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।
কালিগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, আলোকসজ্জা, সুপেয় পানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সুবিধার আরও উন্নয়ন হবে। একই সঙ্গে পৌরবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পৌরসভার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পৌর কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে এবং কালীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভায় রূপান্তর করার লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে যাবে।