ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তার পাশে বাঁধা তিন ছাগল চুরি: ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, গ্রেপ্তার ৩

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ সকাল ১০:১৩
ad003
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় রাস্তার পাশে ঘাস খাওয়ার জন্য বাঁধা রাখা তিনটি ছাগল চুরির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া ছাগল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ছাগলচোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার সকালে উপজেলার ধলামুলগাঁও এলাকায় চুরির ঘটনাটি ঘটে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, নেত্রকোণা সদর উপজেলার মাহমুদপুর এলাকার মো. রাজন মিয়া (৩০), পশ্চিম উলুহাটি এলাকার মো. সুজন মিয়া (৩৫) এবং মঈনপুর (প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন) এলাকার মো. রবিন মিয়া (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধলামুলগাঁও এলাকার এক ব্যক্তি তার বাড়ির সামনে পাকা সড়কের পাশে ঘাস খাওয়ার জন্য তিনটি ছাগল খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। 

সকাল সাড়ে ১০টার দিকে সেখানে গিয়ে তিনি দেখতে পান ছাগলগুলো নেই। আশপাশে ব্যাপক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে তিনি পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হলে তদন্ত শুরু করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রকোনা সদর উপজেলার ছেঙ্গারমোড় এলাকা থেকে ছাগলচোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া তিনটি ছাগলও উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT