নরসিংদীর মাধবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তুপ থেকে দিগন্ত (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৯ জুন সোমবার সকালে নরসিংদী-মদনপুর সড়কের মাধবদীর খনমর্দী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দিগন্ত শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে। সে পরিবার নিয়ে মাধবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকতো। গতকাল রাত থেকে নিখোঁজ ছিল। সে পুলিশের সোর্স হিসেবে কাজ করতো।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রবিবার বিকালে মোবাইলে কারো সাথে কথা বলে বাসা থেকে বের হয় দিগন্ত, পরে আর বাড়ি ফেরেনি সে। রাতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে নরসিংদী- মদনপুর সড়কের পাশে খনমর্দী এলাকায় ময়লার স্তুপে একটি মরদেহ পরে আছে খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহ সনাক্ত করে তার স্বজনরা। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে প্রাথমিক সুরতহাল শেষে দিগন্তের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার একটি পা ভেঙে দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে । ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে অন্য কোনো স্থান থেকে পিটিয়ে হত্যার পর ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। পরবর্তী আইনি কার্যক্রম চলছে।