নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তুপ থেকে দিগন্ত (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে নরসিংদী-মদনগঞ্জ সড়কের মাধবদীর খরমর্দী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দিগন্ত শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে। সে পুলিশের সোর্স হিসেবে কাজ করতো এবং পরিবার নিয়ে মাধবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকতো।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রবিবার বিকালে মোবাইলে কারো সাথে কথা বলে বাসা থেকে বের হয় দিগন্ত, পরে আর বাড়ি ফেরেনি সে। রাতে খোঁজখোঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে নরসিংদী- মদনগঞ্জ সড়কের পাশে খরমর্দী এলাকায় ময়লার স্তুপে একটি মরদেহ পরে আছে শোনে সেখানে গিয়ে মরদেহ সনাক্ত করে তার স্বজনরা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে দিগন্তের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার একটি পা ভেঙে দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে অন্য কোনো স্থান থেকে পিটিয়ে হত্যার পর ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতো। সে মাদক সেবী হওয়ায় আমরাও তাকে সংশোধনের জন্য আমাদের সাথে রাখতাম এবং তার পাশাপাশি চিহ্নিত মাদককারবারীসহ অপরাধীদের গ্রেপ্তারে তার সহযোগীতা নিতাম। এব্যাপারে মাধবদী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।