পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে দিনাজপুরের নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২৯ জুন সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালে এ কর্মসূচির উদ্বোধন করেন
কর্মসূচিটি Learning Acceleration in Secondary Education (LAISE)-এর উদ্যোগে ও নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো: তোফায়েল আহমেদ ডাবলু, একাডেমি সুপারভাইজার মো: শফিউল আলম, আইসিটি কর্মকর্তা মো: তারেক সিফাতি নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান মিলন সহকারী শিক্ষক মো: আশরাফুল ইসলাম মো: আজমল হোসেন, যোগেশ চন্দ্র পাল সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানো এবং লাগানো গাছের সঠিক পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।আলোচকরা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এমন উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত সবাই ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।