ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ইজিবাইকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
সোমবার (২৯ জুন) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার চন্ডিদার বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি ইজিবাইক তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।