ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা সভায় মেডিকেল রিপোর্ট নিয়ে তোলপাড়

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ সকাল ৭:৩২
ad003
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এক নারী নির্যাতন মামলার মেডিকেল রিপোর্টে কারসাজির অভিযোগকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

সভায় উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অভিযোগ করেন, চিকিৎসা প্রতিবেদনে প্রকৃত আঘাতের তথ্য প্রতিফলিত না হওয়ায় অভিযুক্তরা আদালত থেকে সহজেই জামিন পেয়ে গেছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়।

মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন।

সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদের, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানি পুতুল, উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকরা।

সভায় সম্প্রতি সংঘটিত এক নারী নির্যাতনের ঘটনাটি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। 

অভিযোগ ওঠে, হামলার শিকার ওই নারী তিন মাসের গর্ভের সন্তান হারালেও মামলার মেডিকেল রিপোর্টে আঘাতের প্রকৃত অবস্থা যথাযথভাবে উল্লেখ করা হয়নি। বরং রিপোর্টে বিষয়টি স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। ফলে সেই প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তরা আদালত থেকে জামিন লাভ করেন বলে সভায় অভিযোগ তোলা হয়।

অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ সরকার বলেন, "হয়তো কোনো কারণে এমনটি হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে যথাযথ সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।"

এদিকে সভায় হাওরাঞ্চলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানানো হয়। বক্তারা বলেন, অবাধে নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং হাওরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। 
একই সঙ্গে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিদ্যালয় চলাকালে কিছু শিক্ষকের প্রাইভেট পড়ানোর অভিযোগও সভায় উঠে আসে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সদস্যরা।

সভাপতির বক্তব্যে ইউএনও আমেনা খাতুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সভায় উত্থাপিত প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT