ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এজাহার বালিকায় জলবায়ু পরিবর্তনজনিত বিরুপ প্রভাব মোকাবিলায় ১২০০পিস গাছের চারা বিতরণ

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ সকাল ১০:৫৮
ad003
টেকনাফ পৌরসভার আওতাধীন এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনজনিত বিরুপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সুরক্ষায় ফলজ গাছের চারা বিতরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ইংরেজি সকাল ১১টায় এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এর সহযোগীতায় অত্র কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। 

এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্বির আহমদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী।

উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ আলাউদ্দিন, টেকনাফ উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম, টেকনাফ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন বাবলু, বিজিএস এর প্রতিনিধি আব্দুল হামিদ, ওয়ার্ল্ড ভিশনের জেলা এরিয়া প্রোগ্রাম অফিসার দেবাশীষ স্নান, এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, দিলনেছা বেগম, সৈয়দ হোসেন, শিদুল কান্তি দে প্রমূখ।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এ গাছ রোপণের কারণে শূন্যস্থান পূরণের পাশাপাশি সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী বলেন, শিক্ষক শিক্ষার্থী সহ সকলকে অন্তত একটি করে গাছ লাগিয়ে গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যা ও পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, গাছকে বাঁচিয়ে রাখাও জরুরি। আসুন, সবাই মিলে টেকনাফকে আরো সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর টেকনাফে পরিণত করি।

এ সময় সকল শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এর দেওয়া ১২০০ পিস মালটা গাছের চারা বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT