ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরের গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪৩ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

author
লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ সকাল ১১:১৭
ad003
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৩১ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ৪৭৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে পৌর প্রশাসক ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে প্রস্তাবিত মোট আয় ৫ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৪৫৬ টাকা এবং প্রকল্পসহ উন্নয়ন খাতে মোট আয় ২৫ কোটি ৯২ লাখ ৯৬ হাজার ২ টাকা। রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে মোট প্রস্তাবিত আয় ৩১ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ৪৫৮ টাকা।

অন্যদিকে, রাজস্ব খাতে প্রস্তাবিত ব্যয় ৫ কোটি ৪৫ লাখ ৮০ হাজার টাকা এবং প্রকল্পসহ উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। মোট প্রস্তাবিত ব্যয় ৩০ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা। এতে রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪ লাখ ৩ হাজার ৪৫৬ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. বরকত উল্লাহ বলেন, "এই বাজেটটি বাস্তবমুখী ও জনকল্যাণমূলক পরিকল্পনার ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থার আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।"

তিনি আরও বলেন, "স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। এই বাজেট পৌরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।"

পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনজুর রহমান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, সদস্য আল আমিন সজল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন, সাবেক সভাপতি আবু রায়হান, লালপুর প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার সুজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT