নরসিংদীতে বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে দু'জন প্রান্তিক চাষি বিনামূল্যে পেয়েছেন পাওয়ার টিলার। গতকাল মঙ্গলবার বিকালে নরসিংদীর শিবপুর ব্র্যাক অফিসে আনুষ্ঠানিকভাবে চাষির হাতে এই পাওয়ার টিলার তুলে দেয়া হয়।
এসময় ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল জব্বার, জেলা কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার মোঃ মফিজুল ইসলাম এবং শাখা ম্যানেজার মোঃ রাসেল আকন্দ ও মোঃ মোক্তার হোসেন।
জেলা কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান এবং শিবপুর শাখা ম্যানেজার মোঃ রাসেল আকন্দ জানান, গতকাল মঙ্গলবার বিকালে নরসিংদীর শিবপুর এবং রায়পুরা এলাকায় দুইজন প্রান্তিক চাষিকে ১ টি করে মোট দুটি পাওয়ার টিলার সম্পূর্ণ বিনামূল্যে আর্থিক অনুদান হিসেবে দেয়া হয়েছে। বিকাল তিনটায় শিবপুর ব্র্যাক অফিসে স্থানীয় প্রান্তিক চাষি মার্জিয়া আক্তার এবং তার স্বামী রবিন মিয়ার হাতে একটি নতুন পাওয়ার টিলার ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেয়া হয়।
তারা স্থানীয় চৌগোরিয়া এলাকার বাসিন্দা। অপরদিকে রায়পুরা আতশআলী বাজারে তানজিলা নামে একজন চাষিকে নতুন একটি পাওয়ার টিলার দেয়া হয়। প্রতিটা পাওয়ার টিলারের দাম পড়েছে প্রায় ১ লাখ ৯২ হাজার টাকা, যার সম্পূর্ণ খরচ বহন করেছে ব্র্যাক কর্তৃপক্ষ।