মানিকগঞ্জের সিংগাইরে সাকিবুল ইসলাম (১৭) নামে এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা-বাঙ্গালা বাজার সড়কের গোলাই নতুন পাড়া এলাকায় রাস্তার পাশে একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাকিবুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা পশ্চিম পাড়া গ্রামের রহম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়দের ধারণা পূর্বশত্রুতার জের বা কোনো ছিনতাইচক্র তাকে হত্যা করেছে। এঘটনায় জড়িত সন্দেহে স্বপন (২২) নামে কাঠমিস্ত্রীকে আটক করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা-বাঙ্গালা বাজার সড়কের গোলাই নতুন পাড়া এলাকায় পাকা রাস্তার উপর একটি রিক্সা ও পাশেই পাটক্ষেতে মরদেহ দেখতে পায় শাউন মোল্লা নামে এক পথচারী। তিনি মুঠোফোনে বিষয়টি থানা পুলিশক জানান। খবর পেয়ে রাত ১২ টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাস্থলে তার ব্যবহৃত মুঠোফোন ও জুতা পাওয়া যায়। মুঠোফোনের সূত্র ধরে নিহত ব্যক্তির নাম পরিচয় মিলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম নিহতের পরিবার ও সিসিটিভির ফুটেজের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার দুপুরে পরিচিত এক প্রতিবেশীকে নিয়ে মানিকগঞ্জ সদরে যান সাকিবুল ইসলাম। সন্ধার দিকে দুইজন যাত্রী নিয়ে সিংগাইরের জামশা গোলাইডাঙ্গা বাজারের দিকে রওয়ানা হয়। পথিমধ্যে গোলাই নতুন পাড়া এলাকায় এসে রিক্সাটি থেমে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি, ওই দুই ব্যক্তি যাত্রীবেশে ছিনতাইয়ের উদ্দেশ্যে রিক্সাটি ঘটনাস্থলে নিয়ে আসে। পরে তাকে হত্যা করা হয়। তখন মানুষের উপস্থিতি টের পেয়ে রিক্সা রেখেই দ্রুত পালিয়ে যায় তারা। এঘটনায় জড়িত সন্দেহে স্বপন (২২) নামে কাঠমিস্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে কাজ করছে পুলিশ। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।