ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক ডাকাতি মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বুধন্তী ইউনিয়নের মো: আউশ মিয়ার ছেলে আশিক মিয়া (৩৫) ইসলামপুর গ্রামের মো: সাগর আলীর ছেলে মো. ফয়সাল মিয়া (২৮)।
পুলিশের সূত্রে জানা যায় যে , গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. ফারুক মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আশিক মিয়াকে আটক করা হয়। এ সময় নাশকতার মামলার আসামি ফয়সাল মিয়াকেও গ্রেপ্তার করা হয়।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব সরকার যায়যায়দিন প্রতিনিধিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে আশিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।তাছাড়া ফয়সাল মিয়ার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।