ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে তোশকে মোড়ানো অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২ জুলাই, ২০২৬ সকাল ৮:৩৬
ad003
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় সড়কের পাশ থেকে তোশকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের জামতলা এলাকার সাজেদা মঞ্জিলে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। এ ছাড়া মাসদাইর বাজারে সুমাইয়া টেলিকম অ্যান্ড বুক নামে একটি ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসা পরিচালনা করতেন।

নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমডি কামাল বলেন, গতকাল বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে মোতালেব বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াসিম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোতালেব হোসেনকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে পরিচয় গোপন এবং মরদেহ গুমের উদ্দেশে তোশক মোড়িয়ে সড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এসআই আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT