ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুশাসন নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর জবাবদিহিতা করতে হবে

-- খুলনা বিভাগীয় কমিশনার কমিশনার

author
খুলনা বু্্যরো

প্রকাশিত : ২ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১৮
ad003
সামাজিক জবাবদিহিতা (এসএ) এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা (এএপি) ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর জবাবদিহিতা আরও কার্যকর করতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে বিদ্যমান ব্যবস্থাগুলোকে সক্রিয়ভাবে কাজে লাগানোর বিকল্প নেই।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে ইউনিসেফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রয়োজন হলে এ সক্ষমতা উন্নয়ন কার্যক্রমকে নিয়মিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়ন করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে নীতিনির্ধারণী পর্যায়ে সুপারিশও করা হবে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কার্যকর সংযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিভিন্ন দপ্তরে জনবল সংকট থাকলেও সরকার তা নিরসনে কাজ করছে। একই সঙ্গে জনগণ যেন সহজেই তাদের সমস্যা জানাতে পারে, প্রয়োজনীয় সেবা পায় এবং তাদের অধিকার নিশ্চিত হয়—সে লক্ষ্যেই সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ ধরনের সময়োপযোগী কর্মশালা আয়োজনের জন্য তিনি ইউনিসেফকে ধন্যবাদ জানান।

কর্মশালায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT