ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষার্থীদের পাশে জেলা প্রশাসন, রাস্তায় রোভার স্কাউট

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৩
ad003
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রশংসনীয় ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে নেত্রকোণা জেলা প্রশাসন। 

যানজট এড়িয়ে নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা যেন নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পারে, সেজন্য শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করছেন রোভার স্কাউট সদস্যরা। জনসেবামুখী এই উদ্যোগ ইতোমধ্যেই অভিভাবক ও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে রোভার স্কাউট সদস্যরা ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। 

সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, যানজট নিরসন এবং পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। পরীক্ষা চলাকালীন প্রতিদিনই এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

নেত্রকোণা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া কেবল প্রশাসনের দায়িত্ব নয়; এটি পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব। তাই পরীক্ষার সময় অপ্রয়োজনীয় যানজট সৃষ্টি না করা, ট্রাফিক নির্দেশনা মেনে চলা এবং পরীক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরীক্ষার দিনে যানজট ও সময়ক্ষেপণ অনেক শিক্ষার্থীর জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। জেলা প্রশাসনের এ উদ্যোগ সেই চাপ কমানোর পাশাপাশি পরীক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং পরীক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

জেলা প্রশাসন সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করে জানিয়েছে, আত্মবিশ্বাস, সততা ও মনোযোগের সঙ্গে তারা যেন পরীক্ষা সম্পন্ন করতে পারে—সেই লক্ষ্যেই প্রশাসনের এ জনবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT