ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কৃত্তিম বুদ্ধিমত্তার যুগেও নজরুলের সাহিত্য আরো বেশি প্রাসঙ্গিক

author
প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন

প্রকাশিত : ৩ জুলাই, ২০২৬ সকাল ৫:১১
ad003
বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে ২ জুলাই ২০২৬ একটি বিশেষ দিন। কেননা এই দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে  'নজরুল বর্ষ ২০২৬–২০২৭'-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। স্বাধীনতার পরে এই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধান জাতীয় কবিকে সম্মান জানিয়ে  নজরুল বর্ষ ঘোষণা করলেন। নজরুল বর্ষ ঘোষণার বিষয়টি শুধু একটি ঘোষণা নয় বরং বাংলাদেশের বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। সারা বাংলাদেশের ৬৪ জেলায় এবং বিশেষ বিবেচনায় ৭৪ টি উপজেলায় একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী 'নজরুল বর্ষ ২০২৬-২০২৭' এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণার আলোকে ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন নজরুলের বিভিন্ন বিষয়ের উপর রচনা লিখন, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, গান , নৃত্য ইত্যাদি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে । উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার মধ্যে দুটি বিষয় খুবই উল্লেখযোগ্য ।

প্রথম উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে, নজরুল বর্ষের উদ্বোধনী বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী পশু-পাখির বিষয়টি পুনর্ব্যক্ত করে বলেছেন, শুধু মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই যথেষ্ট নয়; পশু-পাখিকেও মানুষের নিষ্ঠুরতা থেকে রক্ষা করতে হবে। কিছুদিন আগে আমরা দেখেছি, একটি কুকুরকে নির্মমভাবে হত্যা করার জন্য দায়ী ব্যক্তিদের মাননীয় প্রধানমন্ত্রী আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার আহবান জানিয়েছিলেন। এছাড়াও ২০২৫ সালে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত "প্রাণী ও প্রাণের মিলনমেলা" অনুষ্ঠানে  বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে বলেন,  মানুষ যখন পশুপাখির প্রতি সহানুভূতিশীল হয় এবং তাদের নিরাপদ আবাস নিশ্চিত করে, তখন সেটি একটি সভ্য ও নৈতিক সমাজের পরিচয় বহন করে। উক্ত অনুষ্ঠানের বক্তব্যে তিনি অঙ্গীকার করেছিলেন যে, বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশুপাখি ও অন্যান্য প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইনকে আরও সময়োপযোগী করা হবে। নজরুল আমাদের শিখিয়েছেন, মানুষকে ভালোবাসতে হলে সৃষ্টিকেও ভালোবাসতে হবে। প্রকৃতি, গাছপালা, নদী, পশুপাখি—সবই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। 

নজরুল বর্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে দ্বিতীয়  উল্লেখযোগ্য বিষয় হচ্ছে: তিনি বলেছেন, আজ যখন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমরা প্রবেশ করেছি, তখন নজরুলের সাহিত্য আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এত সমসাময়িক ও বাস্তবধর্মী বক্তব্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। কেননা বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর যুগেও, বরং অনেক ক্ষেত্রেই আগের চেয়ে বেশি, কাজী নজরুল ইসলামের সাহিত্য শিশু, কিশোর ও যুবকদের জন্য প্রাসঙ্গিক। এই বিষয়টি খুবই উল্লেখযোগ্য কারণ AI বা কৃত্রিম প্রযুক্তি মানুষের অনেক কাজ সহজ করতে পারে, কিন্তু মানুষের নৈতিকতা, বিবেক, সাহস, সহমর্মিতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকল্প হতে পারে না। আর এই গুণগুলো গড়ে তুলতে নজরুলের সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। AI বা কৃত্রিম প্রযুক্তি তথ্য দিতে পারে, কিন্তু মানুষকে মানবিক করে তুলতে পারে না। নজরুলের কবিতা, গান ও নাটক তরুণদের সৃজনশীল হতে উৎসাহিত করতে সাহায্য করে এবং ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে মানুষের মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার শিক্ষা দেয়। নজরুলের রচনায় প্রকৃতি, ফুল, পাখি ও জীবজগতের প্রতি ভালোবাসা রয়েছে। প্রযুক্তি নির্ভর জীবনে বেড়ে ওঠা শিশু-কিশোরদের জন্য এই শিক্ষা পরিবেশ রক্ষার চেতনাকে শক্তিশালী করতে পারে। যুব সমাজের জন্য নজরুলের সাহিত্য আত্মবিশ্বাস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দেশপ্রেম এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়ক। আর সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিশু-কিশোর ও যুবসমাজের মধ্যে নজরুলচর্চা বাড়ানোর পাশাপাশি  বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।

পরিশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে অত্যন্ত গরম অনুভূত হচ্ছে।গাছপালা কমে গেলে পরিবেশের স্বাভাবিক শীতলীকরণ কমে যায়। ফলে স্থানীয় তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই বর্তমান প্রেক্ষাপটে নজরুলের সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সবাইকে মনোযোগী হতে হবে। 

লেখক: 

প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন
ফেলো, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-বাংলাদেশ ও 
যুগ্ম আহবায়ক, জাসাস কেন্দ্রীয় কমিটি।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT